চীনের UCAS-এ “এক্সেলেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট” এওয়ার্ড পেলেন বাংলাদেশি গবেষক
চীনের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (UCAS) থেকে ২০২৬ সালের জন্য “এক্সেলেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট” নির্বাচিত হয়েছেন বাংলাদেশি গবেষক মোঃ আবু কাওসার। তিনি বর্তমানে সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশানোলজি-তে গবেষণার সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে (শিক্ষা ছুটি) কর্মরত আছেন।
ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস -এর অফিসিয়াল নির্বাচনী শর্তাবলীর তথ্যমতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যারা একাডেমিক উৎকর্ষতা, গবেষণার অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখেন তাদের মধ্য থেকে সীমিত সংখ্যক শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন আর্থিক অনুদানসহ আনুষ্ঠানিক সনদপত্র লাভ করেন।
জনাব কাওসার তাঁর গবেষণায় ধারাবাহিক অগ্রগতি, বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ, গবেষণা দক্ষতা এবং মেরিন বায়োলজি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে সক্রিয় অবদানের মাধ্যমে এই স্বীকৃতি অর্জন করেছেন ।
এই অর্জন সম্পর্কে তিনি বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক। এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য একটি ইতিবাচক বার্তা।” তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি মেরিন বায়োলজি এবং একোয়াকালচার ক্ষেত্রে উচ্চমানের গবেষণা চালিয়ে যেতে চান এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে চান।
UCAS-এর এই বার্ষিক সম্মাননা কর্মসূচি আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণা ও একাডেমিক পারফরম্যান্সকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে বাংলাদেশি গবেষকদের উপস্থিতি ও সক্ষমতা আরও দৃশ্যমান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।