বিসিওয়াইএসএর নবম কার্যনির্বাহী পরিষদের শেষ সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) নবম কার্যনির্বাহী পরিষদের (২০২৫–২৬) শেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) বেইজিং সময় রাত ১০টায় টেনসেন্ট মিটিং প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় গত এক বছরের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, বার্ষিক সদস্য সম্মেলনের প্রস্তুতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিওয়াইএসএর উপদেষ্টা, সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার ড. মো. সাহাবুল হক এবং সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি ড. মারুফ হাসান। সভার শুরুতে বক্তব্য দেন ড. মো. সাহাবুল হক। তিনি গত এক বছরের কার্যক্রমে অংশ নেওয়া পরিষদের সদস্যদের ধন্যবাদ জানান এবং সবার জন্য শুভকামনা জানান। সংগঠনের আগামী দিনের উদ্যোগেও সদস্যদের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এরপর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা পর্যায়ক্রমে বক্তব্য দেন। তাঁরা নিজ নিজ দায়িত্বে গত এক বছরে কী কাজ করেছেন এবং সেসব কাজ করতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছে, তা তুলে ধরেন। এই পর্যালোচনার পাশাপাশি আগামী দিনে সংগঠনের মাধ্যমে কী ধরনের উদ্যোগ নিতে চান, সে বিষয়েও তাঁরা মতামত দেন। বার্ষিক সদস্য সম্মেলনের প্রস্তুতি নিয়েও সদস্যরা আলোচনা করেন। সভায় ড. মারুফ হাসান স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিসিওয়াইএসএর কার্যক্রম এগিয়ে নিতে সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। গত এক বছরে সাংগঠনিক কাজে সদস্যরা যে সময় ও শ্রম দিয়েছেন, তার প্রশংসা করেন তিনি। নিজ নিজ দায়িত্ব পালনে তাঁদের এই অবদানের জন্য তিনি সবাইকে সাধুবাদ জানান। সংগঠনের অর্থ সম্পাদক রাকিব হোসেন সভায় উপস্থিত সদস্যদের সামনে গত এক বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। তিনি গত এক বছরের সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতার জন্য পরিষদের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি বিসিওয়াইএসএর আগামী দিনের কার্যক্রম নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে সভাপতি ডা. মো. মনিরুজ্জামান শিহাব পরিষদের সদস্যদের কাজ ও অবদান একে একে পর্যালোচনা করেন। সদস্যদের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত বলে জানান। সভাপতি হিসেবে নিজের কাজও পর্যালোচনা করেন তিনি। পরিষদের সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনায় সভাপতি গত এক বছরে কোন কোন কাজগুলো সম্পন্ন হয়েছে তা তুলে ধরেন। পরিশেষে তিনি ভবিষ্যতেও সবার সাথে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভা শেষ হয়।
Raoha/Jisan
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।