চীনে বাংলাদেশী চিকিৎসক হিসেবে লাইসেন্স দিয়ে কি আমি সরাসরি রোগী দেখতে ও অস্ত্রোপচার করতে পারব?
বাংলাদেশে অনেক চিকিৎসকের মনে এই প্রশ্ন থাকে - চীনে নিজ দেশের চিকিৎসক হিসেবে লাইসেন্স দিয়ে কি আমি সরাসরি রোগী দেখতে ও অস্ত্রোপচার করতে পারব? কিছু শর্ত সাপেক্ষে উত্তর হলো, হ্যাঁ।
চীন আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক আদান-প্রদানকে সমর্থন করে এবং চিকিৎসা সংক্রান্ত সহযোগিতায় অংশ নিতে বিদেশি চিকিৎসকদের স্বাগত জানায়। তবে চিকিৎসা দেওয়ার যোগ্যতা নিয়ে সুস্পষ্ট বিধি-বিধান রয়েছে। শুধু বিদেশি চিকিৎসক হিসেবে লাইসেন্স থাকলেই সরাসরি চিকিৎসা দেওয়ার অধিকার পাওয়া যায় না। আপনাকে তথ্য দাখিল বা নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট বৈধ নথি সংগ্রহ করতে হবে। বৈধ যোগ্যতা ছাড়া চিকিৎসা দেওয়া বেআইনি এবং এর জন্য শাস্তি পেতে হবে।
স্বল্পমেয়াদি চিকিৎসা পরামর্শ ও দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবার শর্তে বড় পার্থক্য রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্যতা এবং চিকিৎসা সেবার অনুমোদিত পরিধিতে অনেক ভিন্নতা আছে। ভুল পথ বেছে নিলে বিধি-বিধান লঙ্ঘনের ঝুঁকি তৈরি হবে।
নিচে যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র ও নিয়ম স্পষ্টভাবে তুলে ধরা হলো:
প্রথম পদ্ধতি হলো স্বল্পমেয়াদি চিকিৎসা সেবার জন্য নিবন্ধন। অস্ত্রোপচারের পদ্ধতি প্রদর্শন, জটিল রোগীর চিকিৎসা নিয়ে পরামর্শ এবং নির্দিষ্ট চিকিৎসা সংক্রান্ত সহযোগিতার জন্য এই নিবন্ধন প্রযোজ্য। এর মেয়াদ সর্বোচ্চ এক বছর। মেয়াদ শেষ হওয়ার পরও কাজ চালিয়ে যেতে চাইলে আবার আবেদন করতে হবে। ব্যক্তিগতভাবে করা আবেদন গ্রহণ করা হয় না।
প্রথমেই আপনার নিজ দেশের চিকিৎসক হিসেবে লাইসেন্স থাকতে হবে।
আপনাকে আমন্ত্রণ ও সহযোগিতা দেওয়ার জন্য চীনের একটি সরকার অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠানও থাকতে হবে। হাসপাতালের নাম, চিকিৎসার বিশেষত্ব, চিকিৎসা সেবার পরিধি ও দায়িত্বের শর্ত উল্লেখ করে আপনাকে একটি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করতে হবে।
আপনার চিকিৎসা বিদ্যার ডিগ্রি এবং বিদেশি লাইসেন্স নোটারি ও কনস্যুলার কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়ন করাতে হবে।
চিকিৎসাসেবা দেওয়ার জন্য আপনি শারীরিকভাবে উপযুক্ত, এমন একটি স্বাস্থ্য সনদও প্রয়োজন।
স্বল্পমেয়াদি চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো, আপনি শুধু নির্ধারিত হাসপাতালেই এবং চুক্তিতে উল্লেখ করা বিশেষত্বের আওতায় রোগীর চিকিৎসা করতে পারবেন। অন্য কোনো ক্লিনিকে রোগী দেখতে, রোগীর বাড়িতে গিয়ে চিকিৎসা দিতে বা অনুমোদিত পরিধির বাইরে কোনো রোগীর চিকিৎসার দায়িত্ব নিতে পারবেন না। এই পদ্ধতি সাময়িক চিকিৎসাবিষয়ক আদান-প্রদানের জন্য; স্থায়ীভাবে চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে এর ব্যবহার প্রযোজ্য নয়।
পরামর্শ দেওয়া, ব্যবস্থাপত্র লেখা এবং অস্ত্রোপচারসহ স্থায়ী ও নিয়মিত চিকিৎসাসেবার জন্য পূর্ণাঙ্গ দীর্ঘমেয়াদি নিবন্ধন প্রয়োজন। এর শর্তগুলো আরও কঠোর।
আপনার মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ও বিশ্ব মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় থাকতে হবে এবং আপনার অন্তত চিকিৎসাবিদ্যায় স্নাতক ডিগ্রি থাকতে হবে।
নিজ দেশের একটি সক্রিয় চিকিৎসা লাইসেন্সের পাশাপাশি নিজ দেশের স্বীকৃত কোনো হাসপাতালে টানা তিন বছর চিকিৎসাসেবা দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
পেশাগত রেকর্ডে কোনো অনিয়ম এবং কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না।
আপনাকে চীনের জাতীয় চিকিৎসা লাইসেন্স পরীক্ষায় পাস করতে হবে। ক্লিনিক্যাল চিকিৎসা ও দন্তচিকিৎসা বিভাগের পরীক্ষা চীনা ভাষায় নেওয়া হয়। পরীক্ষায় পাস করার পর চিকিৎসাসেবা দেওয়ার লাইসেন্স পেতে স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে নিবন্ধনের আবেদন করতে হবে।
দীর্ঘমেয়াদি লাইসেন্স পাওয়ার পর আপনার কর্মস্থল, চিকিৎসার বিশেষত্ব ও চিকিৎসাসেবার পরিধি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হবে। হাসপাতাল বা চিকিৎসার বিশেষত্ব বদলালে নিবন্ধনের তথ্য হালনাগাদ করতে হবে। স্থানীয় চিকিৎসকদের মতো আপনাকেও লাইসেন্সের বৈধতা বজায় রাখতে নিয়মিত পেশাগত মূল্যায়ন সম্পন্ন করতে হবে।
এবার কয়েকটি প্রচলিত ভুল ধারণা পরিষ্কার করা যাক। চিকিৎসা না করে সম্মেলনে যোগ দেওয়া, অস্ত্রোপচার পর্যবেক্ষণ করা কিংবা বক্তৃতা দেওয়া চিকিৎসা সেবা হিসেবে গণ্য হয় না।
এসব কাজে চিকিৎসক হিসেবে লাইসেন্স বা অনুমতিপত্র প্রয়োজন হয় না। তবে রোগী পরীক্ষা, রোগ নির্ণয়, ব্যবস্থাপত্র লেখা বা অস্ত্রোপচার চিকিৎসা সেবা হিসেবে গণ্য হয় এবং এসব কাজের জন্য যথাযথ অনুমোদন প্রয়োজন। বিদেশি অর্থায়নে পরিচালিত হাসপাতাল ও আন্তর্জাতিক হাসপাতালেও একই নিয়ম প্রযোজ্য; কোনো ছাড় নেই।
দুই পদ্ধতির পার্থক্য বোঝার জন্য নিচে বাস্তব জীবনের দুটি ঘটনা তুলে ধরা হলো।
ঘটনা ১ | হৃদ্যন্ত্রের সার্জন (স্বল্পমেয়াদি তথ্য দাখিল)
জার্মানির হৃদ্যন্ত্রের সার্জন টমাসের হৃদ্যন্ত্রে অস্ত্রোপচারের অভিজ্ঞতা দশ বছরের বেশি। জটিল হৃদ্যন্ত্রের অস্ত্রোপচারের পদ্ধতি প্রদর্শন এবং যৌথভাবে চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য চীনের একটি শীর্ষস্থানীয় হৃদ্রোগ হাসপাতাল তাঁকে বছরে তিনবার আমন্ত্রণ জানাত। সেখানে তাঁর স্থায়ীভাবে রোগী দেখার কোনো দায়িত্ব ছিল না। আমন্ত্রণকারী হাসপাতাল তাঁর চিকিৎসা লাইসেন্স, ডিপ্লোমা ও পেশাগত রেকর্ড সংগ্রহ করে। সব নথি নোটারি ও কনস্যুলার কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়ন করিয়ে হাসপাতালটি স্বাস্থ্য কমিশনে আবেদন ও সহযোগিতা চুক্তি জমা দেয়। তাঁর দাখিল করা নিবন্ধনের মেয়াদ ছিল ১১ মাস। তিনি শুধু ওই নির্ধারিত হাসপাতালেই হৃদ্যন্ত্রের চিকিৎসাসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে পারতেন। অন্য কোথাও ব্যক্তিগতভাবে রোগী দেখা তাঁর জন্য নিষিদ্ধ ছিল। মেয়াদ শেষ হলে পরবর্তী সফরের জন্য নতুন করে তথ্য দাখিল করা বাধ্যতামূলক।
ঘটনা ২ | দন্ত সার্জন (দীর্ঘমেয়াদি নিবন্ধন)
সিঙ্গাপুরের ডা. চেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত একটি মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তাঁর সিঙ্গাপুরের বৈধ দন্তচিকিৎসা লাইসেন্স রয়েছে। তিনি স্থানীয় একটি দন্তচিকিৎসা ক্লিনিকে চার বছর পূর্ণকালীন কাজ করেছেন এবং তাঁর পেশাগত রেকর্ডে কোনো অনিয়ম ছিল না। তিনি চীনে স্থায়ীভাবে বসবাস করে একটি আন্তর্জাতিক দন্তচিকিৎসা কেন্দ্রে কাজ করার পরিকল্পনা করেন। তিনি প্রস্তুতি নিয়ে চীনের জাতীয় দন্তচিকিৎসা লাইসেন্স পরীক্ষায় পাস করেন। এরপর নিবন্ধনের জন্য সব সত্যায়িত নথি জমা দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার লাইসেন্স পান। তিনি ওই ক্লিনিকে নিয়মিত রোগী দেখতে, ডেন্টাল ইমপ্ল্যান্ট বসাতে, দাঁতের বিন্যাস সংশোধনের চিকিৎসা দিতে এবং ব্যবস্থাপত্র লিখতে পারেন। পরে অন্য কোনো দন্তচিকিৎসা কেন্দ্রে যোগ দিলে নিবন্ধিত কর্মস্থল পরিবর্তনের জন্য তাঁকে আবেদন করতে হবে।
চীন বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ চিকিৎসা পেশাজীবীদের এখানে মতবিনিময় ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য স্বাগত জানায়।
আমরা আশা করি, বাংলাদেশের চিকিৎসকেরা তাঁদের দক্ষতা চীনে নিয়ে আসবেন, স্থানীয় সহকর্মীদের সঙ্গে শেখার সুযোগ পাবেন এবং রোগীদের আরও বৈচিত্র্যময় ও উন্নতমানের চিকিৎসাসেবা দেবেন। প্রয়োজনীয় কাগজপত্রের কাজ যথাযথভাবে সম্পন্ন হলে আপনি নিশ্চিন্তে চীনে আপনার চিকিৎসা পেশার যাত্রা শুরু করতে পারবেন। স্বাস্থ্যসেবা নীতিমালা সময়ে সময়ে হালনাগাদ হয়; সব সময় স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
বিবৃতি:
এই নিবন্ধটি শুধু সাধারণ তথ্য দেওয়ার উদ্দেশ্যে লেখা। এটি লাইসেন্স অনুমোদনের নিশ্চয়তা দেয় না এবং কোনো এজেন্সির সেবার প্রতিনিধিত্বও করে না। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন নিয়ম ও পরীক্ষামূলক নীতিমালা প্রয়োগ করে। সব চূড়ান্ত সিদ্ধান্ত স্থানীয় স্বাস্থ্য কমিশনের হাতে।
তথ্যসূত্র
· চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন
· গণপ্রজাতন্ত্রী চীনের চিকিৎসক আইন
Dr. Toukir / Adil
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।